প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৬, দুপুর ১২:০০ সময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর মধ্যপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক মনু মিয়ার একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজের পরপরই হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই ঘরটি আগুনে ভস্মীভূত হয়। এতে পাঁচ কন্যা সন্তান নিয়ে বসবাস করা অসহায় কৃষক পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মনু মিয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
আগুনে ঘরের ভেতরে থাকা ধান, চাল, কাপড়চোপড়, আসবাবপত্রসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক মনু মিয়া জানান, ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, কৃষিকাজ করে পাঁচ মেয়ে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছিলাম। আগুনে সব পুড়ে গেছে। এখন থাকার মতো একটি ঘরও নেই।
ঘর পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
এদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ক্ষতিগ্রস্ত কৃষক মনু মিয়ার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অসহায় কৃষক মনু মিয়া সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছেও সহায়তার আবেদন জানিয়েছেন।