প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬, দুপুর ১:০৫ সময়

পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ (সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-২ মোহাম্মদপুরের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোল্লা কাউসার পটুয়াখালী জেলার বড় বিঘাই এলাকার শানু ওরফে মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করছেন।
র্যাব সূত্র জানায়, অভিযুক্ত কাউসার মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার স্পট নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন। গত ২১ ফেব্রুয়ারি বসিলা রোড এলাকায় মাদক স্পট বন্ধ করাকে কেন্দ্র করে তিনি ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাদী ও তার এক বন্ধুর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
স্কোয়াড্রন লিডার রাশেদ, কোম্পানি অধিনায়ক, র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী বলেন, ঘটনার পর থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামির অবস্থান শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধান শেষে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।