রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহ মোজাম্মেল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ ফায়ার ফাইটার, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে পারলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ক বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম, আগুন নেভানো এবং দুর্ঘটনায় আহতদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
















