প্রকাশকালঃ ২০ মে ২০২৬, দুপুর ৩:৩২ সময়

আপিল বিভাগে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এ সংক্রান্ত প্রজ্ঞাপন উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘এটি কীভাবে সম্ভব?’
পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে দায়ের করা রিটের আইনজীবী শিশির মনির বলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বাতিল করে সরকার আদালত অবমাননা করেছে। তিনি জানান, এ ঘটনায় সরকারের বিরুদ্ধে আগামীকাল আদালত অবমাননার আবেদন করা হবে।
শিশির মনিরের দাবি, এ ধরনের পদক্ষেপ দেশের বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও নেতিবাচক বার্তা দিয়েছে।
মঙ্গলবার ১৯ মে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে।
একইসঙ্গে সেখানে কর্মরত ১৫ জন বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এর আগে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছিল। পরবর্তীতে বিএনপি সরকার সেই অধ্যাদেশ বাতিল করে।
তবে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত হাইকোর্টের রায়ে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা ছিল। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ, যদিও এখন পর্যন্ত আপিল দায়ের করা হয়নি। একইসঙ্গে হাইকোর্ট আশা প্রকাশ করেছিলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে সচিবালয়ের কার্যক্রম বন্ধ করা হবে না।
