প্রকাশকালঃ ২৪ মে ২০২৬, দুপুর ২:৪৭ সময়

কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়া রোধে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যা থেকে চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও সেবা পাওয়া যাবে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কন্ট্রোল রুমটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী নাগরিকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের নম্বর হলো ০১৬১৭৩৩৮০৬৭।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, কোরবানির সময় একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সরকার এটিকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে দেখছে।
তিনি আরও বলেন, চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি চামড়া শিল্পের উন্নয়ন, রফতানি আয় বৃদ্ধি এবং এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তবে অসচেতনতার কারণে প্রতি বছরই বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়, যা রোধে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।